রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কোনো দলের জন্য নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে: মানিকগঞ্জে পর্যটনমন্ত্রী
daily-fulki

কোনো দলের জন্য নয়, দেশের স্বার্থে কাজ করতে হবে: মানিকগঞ্জে পর্যটনমন্ত্রী


মানিকগঞ্জ প্রতিনিধি : সরকারি কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।


একই সঙ্গে তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।
রোববার (১৪ জুন) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে।


এ জন্য সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে, যাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা যায়।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আফরোজা খানম বলেন, এ লড়াইয়ে দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নিতে হবে।
একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন তিনি।


শিশুদের সুস্থ বিকাশ ও বিনোদনের স্বার্থে জেলার খেলার মাঠগুলো সংরক্ষণের জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন মন্ত্রী।
সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে উল্লেখ করে সরকারি কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।


সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

সর্বাধিক পঠিত