স্টাফ রিপোর্টার : ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
রবিবার (১৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন।
তিনি জানান, শনিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বাবুর কাছ থেকে একটি ছোরা, মিল্টনের কাছ থেকে একটি দা, শান্তর কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, রিয়াজের কাছ থেকে একটি ভোল্ট কাটার এবং নিখিলের কাছ থেকে একটি স্টিলের কাঁচি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
