নেত্রকোণা সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর, টাকা আদায় ও বিবস্ত্র করে ভিডিও ধারণের মামলায় নেত্রকোণায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শিশির আহম্মদ তালুকদার রাতুল (২২) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পূর্বধলা উপজেলা সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
শনিবার রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান।
তিনি বলেন, আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শরীফ হোসেন রওশন ১০ জুন নেত্রকোণা শহরে যাওয়ার পথে ভুলবশত পূর্বধলার শালদিঘা এলাকায় নেমে পড়েন।
এরপর ত্রিমোহনীর দিকে হেঁটে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাকে ধরে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। তখন তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ ৪ হাজার ৫৬০ টাকা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা, বিকাশের ঋণ সুবিধা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার মোট ১৬ হাজার ৬০ টাকার ক্ষতি হয়।
মামলায় বলা হয়, মোবাইল ফোনে সংরক্ষিত তথ্য যাচাইয়ের পর হামলাকারীরা তাকে আরও নির্যাতন করে। একপর্যায়ে তাকে জোর করে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে বাধ্য করা এবং বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাত তিন থেকে চারজনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৪ ধারা এবং সাইবার সিকিউরিটি আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় পূর্বধলা থানায় মামলা করেন।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাতুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোন এবং লুট করা অর্থের সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
