স্টাফ রিপোর্টার : সাভারে বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম। এরআগে ভোররাত ২টা ১৫ মিনিটের দিকে সাভার মডেল থানার আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দরুইন এলাকার মো. রাজিব মিয়া ওরফে রাজু (২৩), কসবা থানার গুপিনাথপুর এলাকার রাকিব মিয়া (২২) এবং একই থানার জেঠুয়ামুড়া এলাকার মো. জুয়েল মিয়া (৩২)।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এছাড়া ঢাকা মেট্রো চ ১৪-১০২৪ নম্বরের একটি সিলভার রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা মাইক্রোবাসটি বিশেষভাবে পরিবর্তন করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক পরিবহন করে আসছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার রাজিব মিয়ার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ পাঁচটি এবং জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
