শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
টাকা দিয়েও কেন ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে পারছেন না গ্রাহকেরা
daily-fulki

টাকা দিয়েও কেন ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে পারছেন না গ্রাহকেরা

স্টাফ রিপোর্টার : এবারের বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে দেখা যাবে কি না—এ নিয়ে অনিশ্চয়তা ছিল বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেও। পরে অবশ্য সে অনিশ্চয়তা কেটে যায়। তিনটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে তিনটি ওটিটি প্ল্যাটফর্মও বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখাবে বলে ঘোষণা দেয়।

কিছুদিন ধরে সে বিজ্ঞাপনও দিচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, বায়োস্কোপ প্লাস ও টফি। নিয়মিত সাবস্ক্রিপশনের পাশাপাশি গ্রাহকদের জন্য ৯৯ টাকায় বিশেষ ‘বিশ্বকাপ প্যাকেজ’ও ঘোষণা করেছে প্ল্যাটফর্মগুলো।

কিন্তু গতকাল রাতে ও আজ সকালে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ এই তিন ওটিটি প্ল্যাটফর্মের কোনোটিতেই দেখতে পারেননি বলে অভিযোগ গ্রাহকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ–হতাশা ব্যক্ত করা অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই।
ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে দুটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনেছেন ক্রিকেট সংশ্লিষ্ট ওয়েবসাইট ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সাবস্ক্রিপশন কিনলেও দুটি ওটিটি প্ল্যাটফর্মের কোনোটিতেই তিনি লগইন করতে পারেননি।

যোগাযোগ করা হলে মোহাম্মদ ইসাম বলেন, ‘আমি লগইনও করতে পারিনি। ওটিপিই আসেনি লগইন করার জন্য। গ্রাহক হিসেবে এটা খুবই হতাশার। শেষ পর্যন্ত আমি থার্ড পার্টি অ্যাপে খেলা দেখেছি এবং খুব বিস্ময়করভাবে সেখানে আমার কোনো সমস্যা হয়নি!’
মোবাইল অ্যাপের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে খেলা দেখার জন্যও দর্শকেরা এখন ওটিটির দিকে ঝুঁকছেন। কিন্তু দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নেতিবাচক অভিজ্ঞতার কারণে তাদের বেশির ভাগকেই বাধ্য হয়ে অবৈধ উপায়ে খেলা দেখানো ‘থার্ড পার্টি’ ওয়েবসাইটে যেতে হচ্ছে।

অ্যান্ড্রয়েড টিভিতে খেলা দেখতে সাবস্ক্রিপশন কেনা শিহাব আহসান খান বলেন, ‘আমার ফোনের পাশাপাশি ঘরে অ্যান্ড্রয়েড টিভি আছে। তাই ভেবেছিলাম ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনি। কিন্তু আমি এক মিনিটও খেলা দেখতে পারিনি। আমাদের দেশের ওটিটিগুলো গ্রাহকদের চাহিদা একদমই পূরণ করতে পারছে না।’

অনেক গ্রাহক দাবি করছেন, ওটিটি প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের ক্ষেত্রে যতটুকু আগ্রহী, গ্রাহকসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে এক গ্রাহক লিখেছেন, ‘মনে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো শুধু কনটেন্ট আর মার্কেটিংয়েই টাকা খরচ করতে পারে। টেক বা পেশাদারত্বের ক্ষেত্রে তাদের খরচ করার ইচ্ছা নেই।’

খেলা দেখাতে না পারার কারণ জানতে পক্ষ থেকে আজ তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে। তবে কেউই খেলা দেখাতে না পারার কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। তবে আশ্বাস দিয়ে বলেছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ। বায়োস্কোপের গ্রাহকেরা খেলা দেখতে পারেননি কেন জানতে চাইলে গ্রামীণফোনের পক্ষ থেকে পাঠানো প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরীর লিখিত বক্তব্যে জানানো হয়, ‘অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে কিছু গ্রাহক বায়োস্কোপ প্লাস প্ল্যাটফর্মে ফিফা বিশ্বকাপ স্ট্রিমিংয়ের সময় বিঘ্নের সম্মুখীন হয়েছেন। আমাদের টিম বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে সেবা স্বাভাবিক করতে কাজ করেছে। এ কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আরেক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ বিষয়ে জানতে চাইলে বাংলালিংকের পক্ষ থেকে পাঠানো এক লিখিত বার্তায় বলা হয়েছে, ‘সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করার পাশাপাশি প্ল্যাটফর্মের কার্যক্ষমতা আরও উন্নত করতে আমাদের টিম বিশ্বকাপ ফিডের স্বত্বাধিকারী এবং প্রযুক্তিগত অংশীদারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আমাদের গ্রাহকদের ধৈর্য, অব্যাহত সমর্থন ও আস্থার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আরও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

খেলা দেখাতে না পারার কারণ জানতে আরেক ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। জবাবে তাদের পাঠানো লিখিত বক্তব্যে দাবি করা হয়েছে, ‘বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকেই কয়েক লক্ষ দর্শক আইস্ক্রিনে খেলা উপভোগ করেছেন। দর্শকদের এই অসাধারণ সাড়া আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

 

সর্বাধিক পঠিত