মাসুম বাদশাহ (সিংগাইর) মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো। তিনি জানান, বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে নেতৃত্ব দেন - এসআই মো. আশিকুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল পূর্ব বান্দাইল গ্রামের আবু বক্কার (৫৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে তার দক্ষিণ দিকের বসতঘরের পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে ১০০ (একশত) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকেই আবু বক্কারকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব বান্দাইল গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো বলেন, “উদ্ধারকৃত চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
