স্টাফ রিপোর্টার: সাভারে গ্রেফকারকৃত কুখ্যাত মাদকসম্রাট শামীম ও তার দুই সহযোগীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তাদেরকে ৭দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে পাঠানো হয়েছিল। এর আগে মাদক সম্রাট শামীম রেজা তার ঘনিষ্ঠ সহযোগী ফেরদৌস আহমেদ রাজু ও রাকিব হোসেনকে মঙ্গলবার (১০ জুন) পর্যটন শহর কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সাভার থানায় সাংবাদিক সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী বলেন, ঢাকা জেলার ৭টি থানায় গত ১১ দিনে ১ হাজার ৮ জন বিভিন্ন ধরনের অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ১২০ জন, মাদক ব্যবসায়ী ২৩৯জন, ৯ জন অস্ত্রধারী,পরওয়ানাভুক্ত আসামী ৩৯১ জনসহ বিভিন্ন অপরাধে যুক্ত আসামীরা রয়েছেন।
এ ছাড়া একই সময়ে বিপুল সংখ্যক মাদক দ্রব্য ও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ঢাকা জেলা ডিবি উত্তর ওসি সাইদুল ইসলাম, সাভার থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ, আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলামসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
