স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ১ জুলাই থেকে আংশিকভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়ন করা হবে।
অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত পে কমিশনের সুপারিশ সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্য একটি সচিব কমিটিও কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। সচিব কমিটি তাদের পর্যালোচনা শেষে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। এরপরই নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত হবে।
তবে সূত্রগুলো বলছে, পে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে সংশোধিত সুপারিশ দেওয়া হতে পারে। ফলে চূড়ান্ত পে-স্কেলে কমিশনের মূল প্রস্তাবের তুলনায় কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
