স্টাফ রিপোর্টার : সাভারে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমসহ তিন সহযোগীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত বুধবার কক্সবাজার সদর থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২২ মে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় সংঘবদ্ধ মাদক কারবারিদের একটি চক্র তাদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, হামলাকারীরা তিন সংবাদকর্মীকে মারধর করে জিম্মি করে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতনের পাশাপাশি দেশ টেলিভিশনের গাড়ি এবং ক্যামেরা ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র, ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড।
ঘটনারপর পুলিশ চারজনকে আটক করলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীমসহ কয়েকজন পালিয়ে যায়। পরে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি শামীমের সঙ্গে সখ্যতা ও নিয়মিত যোগাযোগ থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। একই ঘটনায় আসামিদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সাভার মডেল থানার তৎকালীন ওসি আরমান আলীকেও দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
