বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
নেইমারকে ছাড়াই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল
daily-fulki

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল


ফুলকি ডেস্ক : বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। সতীর্থরা যখন মাঠে নেমে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন, তখন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার ব্যস্ত চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে। চোট কাটিয়ে উঠতে না পারায় এখনও দলের অনুশীলনে যোগ দিতে পারেননি।

আগামী রবিবার নিউ ইয়র্কে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তার আগে নিউ জার্সির মরিসটাউনে প্রস্তুতি ক্যাম্প চালিয়ে যাচ্ছে দলটি। তবে বুধবারের অনুশীলনেও দেখা যায়নি নেইমারকে।

গত মাসে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের মাংসপেশিতে চোট পান তিনি। পরে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার দিন পরীক্ষায় ধরা পড়ে দ্বিতীয় মাত্রার মাংসপেশি ছিঁড়ে যাওয়ার সমস্যা। সেই চোট থেকে সেরে উঠতেই এখন নিবিড় পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

সবকিছু মিলিয়ে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুধু তাই নয়, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তবে নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও এবারের ব্রাজিল দল নিয়ে আশাবাদী সাবেক তারকারা। ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহো মনে করেন, এবারের দলটি শিরোপার প্রধান দাবিদার না হলেও তাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে।

জিনহোর ভাষায়, “ব্রাজিল হয়তো টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট নয়। তবে দলে এমন কয়েকজন খেলোয়াড় আছে, যারা একসঙ্গে দারুণ একটি দল গড়ে তুলতে পারে। তাদের ভালো সুযোগ আছে বলে আমি মনে করি।”

এদিকে বুধবার ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ২৪ বছরের অপেক্ষা ঘোচানোর দায়িত্ব পাওয়া এই ইতালিয়ান কোচকে বিশেষ সম্মান জানিয়েছেন ফুটবলাররা। অনুশীলনের সময় ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’-এর মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হয়।

বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া অবশ্য মজা করে বলেন, সাধারণত এমন অনুষ্ঠানে কিছুটা দুষ্টুমি করা হলেও আনচেলত্তির ক্ষেত্রে তারা ছিলেন বেশ নম্র।তিনি মাঝখান দিয়ে হেঁটে গেছেন, কিন্তু তাকে কেউ স্পর্শও করেনি। 

 

সর্বাধিক পঠিত