স্টাফ রিপোর্টার : সাভারে এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলার মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক কারবারি শামীমসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১০ জুন) তাদের কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কদম আলী।
এরআগে, সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীসহ ৪ পুলিশ কমকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাদের ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়া এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরআগে একই ঘটনার জেরে পুলিশ কর্মকর্তাদের সাভার মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত ২২ মে দুপুরে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাভার পৌরসভার রাজাসনের পালোয়ানপাড়া এলাকায় যান এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। এ সময় স্থানীয় মাদক কারবারিদের একটি সংঘবদ্ধচক্র তাদের ওপর হামলা চালায়।
