বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন?
daily-fulki

ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন?


ফুলকি ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে নেইমারের চোট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে দূর হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ফলে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা জোরালো হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডান পায়ের কাফের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি দেখাচ্ছেন ৩৪ বছর বয়সী নেইমার। এ কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তাকে খেলানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন নেইমার। ব্রাজিল দলের মেডিকেল বিভাগও সেই সময়সূচি মাথায় রেখেই তার পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছিল। তবে সাম্প্রতিক শারীরিক উন্নতি সেই প্রত্যাবর্তনের সময় আরও এগিয়ে এনেছে।

সোমবারের এমআরআই পরীক্ষার ফলও আশাব্যঞ্জক এসেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের সুস্থতার অগ্রগতি সন্তোষজনক এবং তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

যদিও এখনো দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে অংশ নেননি তিনি, তবুও ব্যক্তিগত ফিটনেস ট্রেনিং ও জিম সেশনের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে চান না তারা। তবে প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরতে যাওয়া নেইমারকে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার উপস্থিতি দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে এবং শিরোপা জয়ের লক্ষ্যে ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন সেই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

 

সর্বাধিক পঠিত