মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে মোবাইল কোর্টের সরকারি কর্মচারীদের ওপর হামলা, মামলা দায়ের
daily-fulki

মানিকগঞ্জে মোবাইল কোর্টের সরকারি কর্মচারীদের ওপর হামলা, মামলা দায়ের

 

মাসুম বাদশাহ, , মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা শেষে ফেরার পথে সরকারি কর্মচারীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দুই অফিস সহায়ক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদিয়ান নূরেন।

আহতরা হলেন- ইউএনও কার্যালয়ের অফিস সহায়ক মো. রুবেল হোসেন (২২) এবং পলাশ মিয়া (৪৫)। তাদের মধ্যে পলাশ মিয়া গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) দুপুরে উপজেলার কালিনগা নদীতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযান শেষে সরকারি দায়িত্ব পালন করে ফেরার পথে দৌলতপুর থানার ভান্ধা রামচন্দ্রপুর এলাকার মজনু মিয়ার বাড়ির সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় শুভ (২২), আব্দুর রাজ্জাক (৩২), মো. আমজাদ (৫৫) এবং অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি কর্মচারীদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে রুবেল হোসেনকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে পলাশ মিয়ার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় হেলমেট পরিহিত থাকায় রুবেল হোসেন প্রাণে রক্ষা পেলেও হাতুড়ির আঘাতে তার হেলমেট ভেঙে যায়। একপর্যায়ে হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদিয়ান নূরেন এবং সঙ্গে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পলাশ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনারদিন সন্ধ্যায় আহত রুবেল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ  ব্যাপারে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদিয়ান নূরেন বলেন, “সরকারি দায়িত্ব পালন শেষে ফেরার পথে সরকারি কর্মচারীদের ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ"।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, “ঘটনার পর মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বাধিক পঠিত