শনিবার, ৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে চায়না নাগরিকদের অবৈধ সিসা কারখানায় একযুগ পর উপজেলা প্রশাসনের অভিযান
daily-fulki

ধামরাইয়ে চায়না নাগরিকদের অবৈধ সিসা কারখানায় একযুগ পর উপজেলা প্রশাসনের অভিযান


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামে চায়না নাগরিকদের ‘জিয়াং সু বিডি স্টোরেজ লিমিটেড’ নামক অবৈধ একটি সিসা ও ব্যাটারি তৈরির কারখানায় প্রায় একযুগ পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (৬ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। 


অভিযান সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে বেলীশ্বর গ্রামের আবাসিক এলাকায় ও মোহিনী মোহন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এ কারখানাটি গড়ে তোলেন কয়েকজন চায়না নাগরিক। শুরু থেকে এ কারখানায় সিসা ও ব্যাটারি তৈরি করে আসছিলেন তারা। কারখানার চুল্লি দিয়ে সিসার গ্যাস নির্গত হয়ে বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে আশপাশের আবাসিক এলাকায়। এতে এলাকাবাসীর অনেকের শ্বাস কষ্টসহ হাঁপানি রোগ দেখা দিয়েছে। আশপাশের ফলজ গাছ মরে গেছে। এলাকাবাসী একাধিকবার পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনকে জানালেও কোন পদক্ষেপ নেয়নি বলে স্থানীয় অভিযোগ। এ অবস্থায় শনিবার দুপুরে এ কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন। 


ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানা কর্তৃপক্ষ এক মাসের মধ্যে পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র নিতে ব্যর্থ হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।


তবে জরিমানা নয় স্থায়ীভাবে কারখানাটি বন্ধ করে দেওয়ার দাবি জানান, স্থানীয় ইউপি মেম্বার আব্দুল আলিম আমানসহ এলাকাবাসী। আব্দুল আলিম আমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটাই প্রথম অভিযান। তিনি ২০২৩ সনের ৩১ জুলাই কারখানাটি বন্ধের বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ে আবেদন করেছিলেন।  
 

সর্বাধিক পঠিত