স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সাভারের চাপাইন নিউ মডেল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় থানার সেক্রেটারি অধ্যক্ষ মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য জাতীয় সংসদে আলোচনা করে বৃদ্ধি করতে পারতো কিন্ত সরকার তা না করে রাতের আধারে দাম বাড়াচ্ছে। সরকার জনগণকে কোনো মূল্যায়ন করছেন না। প্রধানমন্ত্রীর বাসভবনের লাল তার চুরি প্রসঙ্গে বলেন, দেশের আইন শৃঙ্খলা কোথায় চলে গেছে। সারাদেশে খুন, হত্যা, ধর্ষণ, লুন্ঠন, ব্যাংক দখল ইত্যাদি কাজে ব্যস্ত অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরম পর্যায়ে পৌঁছে গেছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, এদেশে তারা নিষিদ্ধ, তাদের মধ্যে অনুশোচনার কোনো চিহ্ন নেই, তাই এদেরকে এদেশে রাজনীতি করতে দেয়া উচিত হবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌরসভার নায়েবে আমীর অধ্যাপক মোঃ মনসুর আলী, সাভার থানার সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আঃ রহীমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
