শুক্রবার, ৫ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
daily-fulki

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তোফাজ্জল হোসেন ভূঁইয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক।

গ্রেপ্তার তোফাজ্জল হোসেন ভূঁইয়া আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার মৃত মাইজ উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, সে ওই এলাকায় একজন পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন ১২তলা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তোফাজ্জলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, গ্রেপ্তার তোফাজ্জল একজন কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইউনিকসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত