স্টাফ রিপোর্টার : সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে ব্যর্থতা, তার সঙ্গে সখ্যতার অভিযোগ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
জানা যায়, গত ২২ মে সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম রেজার আস্তানায় সংবাদ সংগ্রহ করতে যান দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক। এসময় শামীম ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় গুরুতর আহত হয় সাংবাদিকরা। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো মূল অভিযুক্ত মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে, মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানার এক এসআই ও দুই এএসআইকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই ঘটনার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৬ মে) এবার ওসি আরমান আলীকেও ক্লোজ করা হলো।
পুলিশ সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
