সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কাউসার আহম্মেদ (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। আহত মো. আরাফাত (১৮) একই এলাকার মো. কোহিনুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে ছেড়ে আসা সিংগাইরগামী একটি নাম্বারবিহীন কাটা সিএনজির সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেল চালক কাউসার আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী আরাফাত গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
