স্টাফ রিপোর্টার : ট্রাফিক এআই বা ভিডিও মামলার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া জরিমানার এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন জানান, সম্প্রতি ট্রাফিক বিভাগের নামে বিভিন্ন ভুয়া এসএমএস ও অনলাইন বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত অফিসিয়াল চিঠি পাঠানো হয়। প্রয়োজন হলে শুধুমাত্র সরকারি দুটি নম্বর- ০১৩২০০৪২২০৭ এবং ০১৩২০০৪২২২৭ থেকে এসএমএস পাঠানো হয়ে থাকে।
ডিএমপি জানায়, ট্রাফিক এআই বা ভিডিও মামলার জরিমানার অর্থ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উপায় ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চায় না।
এ ধরনের তথ্য কেউ চাইলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে এবং সতর্ক থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা ০১৩২০০৪২২০৭ ও ০১৩২০০৪২২২৭ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এও যোগাযোগ করা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও প্রতারণামূলক বার্তায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
