স্টাফ রিপোর্টার : সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। তার নাম মাওলানা কামরুজ্জামান। স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কমলাপুর বাজারের নিকট দারুন কুরআন বাহারুন নেসা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কামরুজ্জামান প্রায়ই ৬ষ্ঠ শ্রেণীর এ ছাত্রীকে কু-প্রস্তাব দিত। শনিবার (২৩ মে) সকালে মাদ্রাসায় নিজ কামরায় ওই ছাত্রীকে ডেকে নেয় এবং জোর করে কোলে তুলে নেয়। পর মুহুর্তে ছাত্রীটি দ্রুত কক্ষ হতে বের হয়ে আত্মীয় স্বজনকে জানান।
এক পর্যায়ে এলাকাবাসী একত্রিত হয়ে শিক্ষক কামরুজ্জামানকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে শত শত লোক জমা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত এ শিক্ষককে অবরুদ্ধ করে কয়েক দফায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, আটক কামরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও শ্লিলতাহানির অভিযোগে মামলা হয়েছে।
উল্লেখ্য, গত তিন দিনে সাভারের আমিনবাজার ও বনগাঁও ইউনিয়নে আরো দুই শিশু ধর্ষণের শিকার হয়।
