স্টাফ রিপোর্টার : সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শিশু রামিসাসহ সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার দ্রুত নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যেতে পারে। তাই অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এসময় বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে রায় কার্যকর করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপজেলা মহিলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি (সনাক), সাভার প্রাইভেট হাসপাতাল ওনার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেন। মানববন্ধন শেষে তারা দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হলে ধর্ষক ও হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সমাজের প্রতিটি মানুষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
মানববন্ধন চলাকালে পুরো এলাকায় প্রতিবাদী পরিবেশ সৃষ্টি হয় এবং পথচারীরাও কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
