স্টাফ রিপোর্টার : সাভারে মাদক আখড়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শীর্ষ মাদক ব্যবসায়ি শামীম ও তার সহযোগীদের হামলায় তারা গুরতর আহত হন। আহতরা হলেন এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও উভয় টিভির দুই ক্যামেরার পারসন।
আহতদের প্রথমে সাভার ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৪ দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
জানা গেছে, সাভার পৌর এলাকার রাজাশন পালোয়ান পাড়ায় শামীমের মাদক আখড়ায় দীর্ঘ দিন ধরে প্রকাশ্য মাদক বেচা কেনা চলছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রশাসনের টনক নড়েনি।
অভিযোগ আছে প্রশাসনের বিভিন্ন সংস্থা এ আখড়া হতে নিয়মিত মাশোহারা নিয়ে থাকেন। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারকৃত মাদকের একটি অংশ এ আখড়ায় বিক্রয় করা হয়ে থাকে। শামীম ইতিপূর্বে পুলিশের পোশাক পরিহিত হয়ে ডাকাতি করতে গিয়ে একাধিক বার গ্রেফতার হয়ে হাজত বাস করে। তার আখড়ায় অর্ধশতাধিক মাস্তান সন্ত্রাসীকে লালন পালন করা হচ্ছে। মাদকের টাকায় বেশ অর্থকড়ির মালিক হয়েছেন তিনি। তার রাজাশন এলাকায় রয়েছে ১০/১২টি মূল্যবান জমির প্লট ও একাধিক বাড়ি।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান মাদক সম্রাট শামীমের আস্তানায় হামলার খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় রাতেই ৪জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
