স্টাফ রিপোর্টার : গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম চলছে। অতিরিক্ত গরমের কারণে বায়ুদূষণের শীর্ষ ১০ তালিকার মধ্যেও স্থান করে নিয়েছে রাজধানী ঢাকা। তবে আজ শুক্রবার (২২ মে) থেকে আগামী সোমবার (২৫ মে) পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও ভারী বর্ষণ রূপ নিতে পারে। তবে স্বস্তির এই আভাস বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৬ মে) থেকে দেশের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে।
আসন্ন পবিত্র ঈদুল আজহার সময়ে দেশের অনেক জায়গায় গরমের তীব্র দাপট দেখা যেতে পারে এবং কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সবার মনে এখন একটাই প্রশ্ন—ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে?
এই বিষয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২৮ মে ঈদের দিন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টো ঈদের দিন ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে ঢাকার বাইরে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে আবহাওয়া অফিসের সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আজ সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
