বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু
daily-fulki

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু


স্টাফ রিপোর্টার : ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেওয়া মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে দুই দিনব্যাপী এই গণশুনানি শুরু হয়েছে।


জানা গেছে, ডিপিডিসি ৬ দশমিক ৯৬ শতাংশ, ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫ দশমিক ৯৩ শতাংশ, নেসকো ৪ দশমিক ১২ শতাংশ এবং ওজোপাডিকো ১০ দশমিক ১২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয়ের বিষয়টিও যুক্ত করার আবেদন করা হয়েছে।

গণশুনানিতে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্য, ছয় বিতরণ কোম্পানির প্রতিনিধি এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।


বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই ঘাটতি পূরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে খুচরা পর্যায়ে দাম সমন্বয় করা প্রয়োজন বলে তারা দাবি করেছে।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

এর আগে গতকাল বুধবার (২০ মে) পিডিবির প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম নিয়েও গণশুনানি অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত