স্টাফ রিপোর্টার : ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হতে যাচ্ছে।
তবে শুক্র (২২ মে) ও শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটি থাকায় ২৪ মে থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও মূলত আজ বৃহস্পতিবার (২১ মে) ক্লাসের পরেই ছুটি শুরু হচ্ছে।
ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি চলবে আগামী ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হবে ৭ জুন (রবিবার)।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি (ছুটির তালিকা) বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজে নির্ধারিত ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটিসহ শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
এদিকে, মাদরাসা শিক্ষার্থীরা আরো কিছুদিন বেশি ছুটি পাচ্ছে। মাদরাসার ক্যালেন্ডার অনুযায়ী, দেশের সব মাদরাসায় (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।
তবে ছুটি শুরুর আগের দুদিন ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ এবং ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসা শিক্ষার্থীদের এই ছুটি আরো দীর্ঘ হচ্ছে।
সাপ্তাহিক ছুটিসহ মাদরাসাগুলোয় সর্বমোট ২৩ দিন ছুটি থাকবে।
