আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার ও স্টিলের চাপাতি, সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে ভোররাত ৩টারদিকে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা জেলার আশুলিয়ার দক্ষিণ গাজীরচট (আরিয়ার মোড়) এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), কেরানীগঞ্জ মডেল থানার ফরিদাবাদ এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ নাসির (২২), নাটোর সদর থানার রামাইগাছি এলাকার মোঃ ওয়াজেদ সরকারের ছেলে গোলাম রব্বানী (৩০) এবং বগুড়া জেলার ধুনট থানার জোড়খালি এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ বাবু (৩৫)। এদের মধ্যে নাসির আশুলিয়ার দক্ষিণ গাজীরচট (আরিয়ার মোড়) এলাকার ইউনুছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া, রব্বানী আশুলিয়ার বাইপাইল চাড়ালপাড়া এলাকার কামালের বাড়ির ভাড়াটিয়া ও বাবু আশুলিয়ার বাইপাইল এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান ও পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৯ মে) ভোররাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ অবস্থানকালে এই ৪ পেশাদার ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১টি লোহার তৈরি ধারালো চাপাতি, ১টি ধারালো সুইচ গিয়ার চাকু, ১টি ধারালো স্টিলের চাপাতি, ১টি ধারালো স্টিলের চাকু এবং ১টি লোহার তৈরি ধারালো কাটার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পূর্বে ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
