আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অস্থায়ী কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগে জানা যায়, নরসিংহপুর এলাকায় অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা পাওয়ার পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাট পরিদর্শনে যান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের মারধর করে এবং অবৈধভাবে হাট দখল করে নেয় বলে দাবি করা হয়। এছাড়াও হামলার সময় বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, হাটের ইজারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে রাত প্রায় ১টার দিকে অস্থায়ী গরুর হাটের ইজারাদার শেখ শওকত হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন।
