স্টাফ রিপোর্টার : বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর দেশের ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। গত শনিবার বিসিবির নির্বাচনি তপশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জুন বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শনিবার বিকাল ৫টা পর্যন্ত ছিল বিসিবিতে কাউন্সিলরশিপের নাম জমা দেওয়ার শেষ সময়।
বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিসিবির মোট ১৯২ জন কাউন্সিলর পদের বিপরীতে এবার ১৮৪টি কাউন্সিলরশিপ ফরম জমা পড়েছে। দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থা থেকে শেষ সময় পর্যন্ত কোনো কাউন্সিলরের নাম পাঠানো হয়নি। এর ফলে সবমিলিয়ে মোট ৮টি কাউন্সিলরশিপ এবার কম পড়েছে।
এবারের কাউন্সিলরশিপ তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে বেশ কয়েক জন হেভিওয়েট প্রার্থীর অনুপস্থিতি। ঢাকার বিভিন্ন ক্লাব থেকে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে যাদের নাম নিয়ে ক্রিকেট মহলে জোর গুঞ্জন ছিল তাদের অনেকেই এবার বাদ পড়েছেন। কাউন্সিলরশিপের চূড়ান্ত তালিকায় ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনামের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম দেখা যায়নি। একই সাথে ইসতিয়াক সাদেক এবং লোকমান হোসেনের নামও এবার ক্লাবগুলোর কাউন্সিলরশিপ তালিকায় স্থান পায়নি। ফলে এই হেভিওয়েট প্রার্থীরা আসন্ন নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার সুযোগ হারাচ্ছেন।
তবে ঢাকার বিভিন্ন ক্লাব থেকে কাউন্সিলর হিসেবে অনেক পরিচিত ও গুরুত্বপূর্ণ মুখ বিসিবিতে নাম জমা দিয়েছেন। ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে এসেছেন মাসুদুজ্জামান। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে লুৎফর রহমান বাদল এবং প্রাইম ব্যাংকের হয়ে তানজিল চৌধুরী কাউন্সিলরশিপ জমা দিয়েছেন। বসুন্ধরা স্ট্রাইকার্স থেকে তাসবির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন থেকে ইশরাক হোসেন এবং পারটেক্স স্পোর্টিং ক্রিকেট ক্লাব থেকে আজিজ আল কায়সার কাউন্সিলর হয়েছেন। সিটি ক্লাব থেকে মইনুল হক মইন এবং উত্তরা ক্রিকেট ক্লাব থেকে ফায়াজুর রহমান মিতু নাম জমা দিয়েছেন।
অন্যদিকে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইয়াসির ফয়সাল আশিক এবং ওল্ড ডিওএইচএস থেকে তামিম ইকবাল কাউন্সিলর হয়েছেন। কাকরাইল বয়েজ ক্লাব থেকে সালাউদ্দিন চৌধুরী, ট্রাই স্টেট ক্রিকেটার্স থেকে আমজাদ হোসেন এবং আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস কাউন্সিলর মনোনীত হয়েছেন। এক্সিউম ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব থেকে ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু এবং ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব থেকে শানিয়ান তানিম বোর্ডে নাম পাঠিয়েছেন। এ ছাড়া ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ এবং প্রগতি সেবা সংঘ থেকে সাব্বির আহমেদ কাউন্সিলরশিপ জমা দিয়েছেন।
সাবেক খেলোয়াড়দের জন্য নির্ধারিত ক্যাটাগরি 'সি' থেকে একঝাঁক চেনা ক্রিকেটার কাউন্সিলর হয়েছেন। এই তালিকায় আছেন নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন, শামসুর রহমান, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল খান এবং তালহা জুবায়ের। সাবেক অধিনায়কদের মধ্যে বিসিবির কাউন্সিলর হয়েছেন শফিকুল হক, গাজী আশরাফ হোসেন, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকেও প্রতিনিধিরা কাউন্সিলর হয়ে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন আলমগীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জাহিদ হোসেন কাউন্সিলর মনোনীত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঁচজন কাউন্সিলরের নাম জমা পড়েছে। তারা হলেন কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার এবং জাহিদ পারভেজ চৌধুরী। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও কাউন্সিলরশিপ নিশ্চিত করা হয়েছে।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাইদ বিন জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে শহিদুর রহমান এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আমিনুল হক দেওয়ান এসেছেন। রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে শামসুজ্জামান সামু, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সংস্থা থেকে মিজানুর রহমান এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাইয়ুম চৌধুরী কাউন্সিলর হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
