রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে বিএনপির সাত উপজেলা ও দুই পৌর কমিটি বিলুপ্ত
daily-fulki

মানিকগঞ্জে বিএনপির সাত উপজেলা ও দুই পৌর কমিটি বিলুপ্ত


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ কমিটিগুলো বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


গোলাম কিবরিয়া সাঈদ বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি গঠন করা হবে।


দলীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার অধীন বিএনপির সাতটি উপজেলা ও দুটি পৌর শাখা আছে। উপজেলাগুলো হলো সদর, সাটুরিয়া, সিঙ্গাইর, হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর। এ ছাড়া আছে মানিকগঞ্জ পৌর ও সিঙ্গাইর পৌর শাখা। বিলুপ্ত কমিটিগুলো ২০২১ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি। প্রায় চার মাস পর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর এটিই প্রথম বড় সাংগঠনিক পদক্ষেপ।


বিকেল চারটার দিকে জেলা সদরের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভা চলে রাত পৌনে ১০টা পর্যন্ত। এতে জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


গোলাম কিবরিয়া সাঈদ বলেন, দলের উপজেলা ও পৌর কমিটিগুলোর মেয়াদ দীর্ঘদিন হওয়ায় সাংগঠনিক দুর্বলতা ও কিছুটা স্থবিরতা দেখা দেয়। এ ছাড়া কমিটির কয়েকজন নেতা মৃত্যুবরণও করেছেন। এসব কারণে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পরবর্তী কাজ হচ্ছে জেলার অন্তর্গত উপজেলা ও পৌরসভার নয়টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা। এরপর তারা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবে। জেলা বিএনপির বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলা ও পৌর কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
 

সর্বাধিক পঠিত