রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
daily-fulki

কেরানীগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, হবিগঞ্জ থেকে একটি বড় গাঁজার চালান কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করে র‌্যাব।

র‌্যাবের দাবি, গ্রেফতার সোহান হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সর্বাধিক পঠিত