স্টাফ রিপোর্টার : সাভার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সংগঠন ‘সাভার দলিল লেখক কল্যাণ সমিতি’র নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৩ টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংগঠনের সদস্যদের মধ্য থেকে ৭ জন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সংগঠনের ২৬৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৯ মে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
সাভার দলিল লেখক কল্যাণ সমিতি’র নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে। আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের জন্য বিভিন্ন পদে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সাভার সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আকতার হোসেন, মোঃ আফছার উদ্দিন এবং মোঃ এরফান উদ্দিন খান রিপন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আমিনুর রহমান, মোঃ হাবিবুর রহমান বাদল ও শেখ মোহাম্মদ মোজাম্মেল হক।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মেহেদী হাসান, আবুল বাসার চৌধুরী ও মোঃ মজিবুর রহমান। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর মোহাম্মদ, সরকার মোঃ আশরাফুল মোমেনিন ও আশাধন সরকার।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোঃ হুমায়ুন কবীর ও হাজী মোঃ মাসুদ রানা। কোষাধ্যক্ষ পদে রয়েছেন আবু জাফর আহমেদ ও মোঃ কবীর হোসেন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ সাইফুল ইসলাম ও শেখ মাহবুব হাসান রকি।
এছাড়া প্রচার সম্পাদক পদে মোস্তফা কামাল ও সৌরভ দাস (জয়), ধর্ম সম্পাদক পদে মোঃ আবদুর রহিম ও হাজী মোঃ তমিজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যকরী সদস্য পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন মোঃ আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলীম, সুকুমার সাহা (কমল) এবং রাশেদুল কবীর নিশু।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৯ মে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। তারা দলিল লেখকদের পেশাগত উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি এবং সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপান্তরের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
সাধারণ সদস্যরা বলছেন, একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে বলে তারা আশাবাদী।
