স্টাফ রিপোর্টার : সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিমের ভাড়া বাসার শৌচাগার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাতে দত্তপাড়া এলাকার আমিন মোহাম্মদ হাউজিংয়ের ভেতরে ওবায়দুল্লাহর মালিকানাধীন বাড়ির ২য় তলার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আব্দুল মান্নান (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাউদকান্দি গ্রামের কেরামত উল্লার ছেলে। তিন বছর আগে বিদেশ থেকে দেশে ফেরেন। এরপর থেকেই বেকার ছিলেন তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিমের বাসার শৌচাগারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ছাড়া ওই কক্ষে মাদক সেবনের কিছু নমুনা পাওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এসআই আল আমিন আরো বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তে জানা যায়, গত সোমবার রাতে কয়েকজন যুবক ফাহিমের বাসায় যান। কিছুক্ষণ পর বাড়ির মালিক ওবায়দুল্লাহ বাসার দরজা খোলা দেখে ভেতরে ঢুকে ফাহিমকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে শৌচাগারের ভেতরে আব্দুল মান্নানের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান তিনি।
এদিকে ঘটনার পর থেকেই ফাহিম পলাতক রয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।
