বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আর্জেন্টিনার বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কালোনির ভাবনায় বাকি চার
daily-fulki

আর্জেন্টিনার বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কালোনির ভাবনায় বাকি চার


স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ মিশন শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চূড়ান্ত ২৬ সদস্যের দলের মধ্যে ২২ ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত।

অর্থাৎ, বড় কোনো চোট বা অপ্রত্যাশিত কিছু না ঘটলে এই ২২ জনকেই দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ। এখন কোচ লিওনেল স্কালোনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাকি চারটি জায়গা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

গোলরক্ষক বিভাগে নিশ্চিত ধরা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লিকে। তৃতীয় গোলকিপারের জায়গার জন্য লড়াই চলছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে। সাম্প্রতিক ম্যাচ খেলার দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছেন বেনিতেজ।

রক্ষণভাগে প্রায় নিশ্চিত তালিকায় আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। তবে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে কাকে নেওয়া হবে, সেটি এখনো নিশ্চিত নয়। এই জায়গার জন্য আলোচনায় আছেন মার্কোস সেঞ্চি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডে জায়গা প্রায় নিশ্চিত লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদা-র।

আক্রমণভাগে নিশ্চিতদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেস।

বাম প্রান্তের রক্ষণভাগ নিয়েও রয়েছে কিছু ধোঁয়াশা। অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজন সুযোগ পেতে পারেন। আবার বহুমুখী খেলোয়াড় হিসেবে ভ্যালেন্তিন বারকোকেও বিবেচনায় রাখছেন স্কালোনি।

এছাড়া শেষ দিকের একটি জায়গার জন্য আলোচনায় আছেন জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। তবে নিষেধাজ্ঞার কারণে প্রেস্টিয়ান্নির সুযোগ কিছুটা কমে যেতে পারে।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। সেই লক্ষ্যেই ধীরে ধীরে নিজের সেরা কম্বিনেশন গুছিয়ে নিচ্ছেন স্কালোনি।

 

সর্বাধিক পঠিত