স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় সাভারের আশুলিয়ায় খাল খনন শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নোয়াদ্দা ব্রিজের উত্তর পাশে মোহনপুর মৌজা হতে দিয়াবাড়ি মৌজা লক্ষণ সেনের বাড়ি পর্যন্ত কাজীর খাল পুনঃখনন উদ্বোধন করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এই খালটিই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন।
খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সালাউদ্দিন বাবু বলেন, খাল দখলকারীদের কোন ছাড় দেওয়া হবে না। যদি কেউ খাল দখল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক এবং যত প্রভাবশালীই হোক তাদের কোন ছাড় নেই। সরকারের কাছে কোন বাঁধা-বিপত্তি আসলেও খাল খনন চলমান থাকবে। খাল দখলকারী কাওকে প্রশয় দেয়া হবে না বলেও জানান তিনি। এর আগে তিনি গকুলনগর এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে খাল পুনঃখনন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনউদ্দিন বিপ্লবসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিন পর হলেও খাল খনন শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
