স্টাফ রিপোর্টার : সাভার বাসস্ট্যান্ডে সাজ্জাদ পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম।
মঙ্গলবার (১২ মে) বিকেলে তিনি আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত জুতা ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এসময় ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
পরিদর্শনকালে খোরশেদ আলম বলেন, ঈদের আগ মুহূর্তে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিএনপি জনগণের দল। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছি। এই সহায়তার মাধ্যমে তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, সেই চেষ্টা করছি।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি থাকবে।
আর্থিক অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান, দুর্দিনে এমন সহায়তা তাদের নতুন করে সাহস জোগাবে।
এসময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
