জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সালমা আহমেদ এবং বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে ‘জোহারি উইন্ডো’ তত্ত্বকে চ্যালেঞ্জ করে আয়োজন করা হয়েছে একটি একাডেমিক প্রদর্শনী।
১৪ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘জেএমএস ২০২: আন্তঃব্যক্তিক ও গোষ্ঠী যোগাযোগ’ কোর্সের অধীনে আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম ‘জোহারি উইন্ডোর দিন শেষ: ছয়টি ডোর, ছয়টি চ্যালেঞ্জ’।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫৩তম আবর্তন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘জোহারি উইন্ডোর দিন শেষ: ছয়টি ডোর, ছয়টি চ্যালেঞ্জ’ শীর্ষক এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা প্রচলিত ‘জোহারি উইন্ডে’ তত্ত্বকে চ্যালেঞ্জ করে নতুনভাবে পুনঃপাঠ ও পুনব্যাখ্যার মাধ্যমে ছয়টি ‘আন্তঃব্যক্তিক দরজা নির্মাণ করেছে। এই প্রয়াস কেবল একটি তাত্ত্বিক মডেলের উপস্থাপনা নয়; বরং আত্ম-উপলব্ধি, পারস্পরিক যোগাযোগ এবং সামাজিক উপলব্ধির জটিল স্থরগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুধাবনের একটি সৃজনশীল অনুশীলন।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত কাঠামোর সীমাবদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে যোগাযোগের গতিশীলতা, আত্ম-উন্মোচন ও গোষ্ঠীগত সম্পর্কের বহুমাত্রিক বাস্তবতাকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। ফলে এটি একদিকে যেমন একাডিমিক চিন্তার বিস্তার ঘটায়, অন্যদিকে তেমনি বাস্তব জীবনের আন্তঃব্যক্তিক অভিজ্ঞতাকে আরো গভীরভাবে উপলব্ধির সুযোগ সৃষ্টি করে।
আয়োজকরা জানিয়েছেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার উপস্থিতি এই সৃজনশীল আয়োজনকে আরো অর্থবহ করে তুলবে।
