স্টাফ রিপোর্টার : সাভার বাসস্ট্যান্ড এলাকার কর্ণফুলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) রাত প্রায় ১১টারদিকে এ আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতের দিকে হঠাৎ করেই মার্কেটের ভেতরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই দোকানের শাটার খুলে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
জানা গেছে, অন্ধ মার্কেটের পাশেই অবস্থিত কর্ণফুলী মার্কেটের অধিকাংশ দোকানেই জুতা ও তৈরি পোশাক বিক্রি করা হয়। দাহ্যপণ্য বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
তবে মার্কেটের সামনের সারির কয়েকটি দোকান থেকে ব্যবসায়ীরা কিছু মালামাল নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসলেও মার্কেটের ভেতরের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানানো হবে।
এ ঘটনায় এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়।
