মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের একটু বৃষ্টিতেই ডুবে যায় ঢাকা-আরিচা মহাসড়ক, চরম ভোগান্তিতে জনজীবন
daily-fulki

সাভারের একটু বৃষ্টিতেই ডুবে যায় ঢাকা-আরিচা মহাসড়ক, চরম ভোগান্তিতে জনজীবন


স্টাফ রিপোর্টার : একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ডুবে যায় সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা। বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা সাভার নিউ মার্কেট, সিটি সেন্টার, শিমুলতলা, রেডিও কলোনীর গেট, পাকিজার সামনেসহ বিভিন্নস্থানে সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় তীব্র জলজট। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারী, কর্মজীবী মানুষ ও যানবাহনের যাত্রীদের। দীর্ঘ সময় ধরে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে, অনেক স্থানে সৃষ্টি হয় যানজটও।


শুধু পাকিজা এলাকাই নয়, সাভার বাসস্ট্যান্ডের নিউমার্কেটের সামনের সড়কসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও ড্রেন উপচে সড়কে পানি উঠে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।


স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়ছে। বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। অনেককে জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। আবার অনেক মোটরসাইকেল ও অটোরিকশা পানির মধ্যে বিকল হয়ে পড়ে।


পাকিজা এলাকায় কথা হয় ভুক্তভোগী ব্যবসায়ী এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানির নিচে চলে যায়। দোকানে ক্রেতা আসে না, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়। পানি আর কাদার কারণে মানুষ চলাচলই করতে পারে না।আরেক ভুক্তভোগী পোশাককর্মী সোহেল রানা বলেন, প্রতিদিন মহাসড়ক দিয়েই কারখানায় যেতে হয়। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে অনেক কষ্টে যাতায়াত করতে হয়। গাড়ি পাওয়া যায় না, আবার হাঁটলেও কাদা-পানিতে কাপড় নষ্ট হয়ে যায়।স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তা না হলে বর্ষা মৌসুমে সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।

সর্বাধিক পঠিত