মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
দোহারে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
daily-fulki

দোহারে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম


স্টাফ রিপোর্টার : দোহারে দিনদুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ মে) দুপুরে উপজেলার করমআলী মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রাকিবুল ইসলাম বাঁশতলা এলাকার বাসিন্দা। তিনি করমআলী মোড়ের ইআর কালার গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং প্রেসের কর্ণধার।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এলাকায় প্রবেশ করে মহড়া দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


পরে তারা প্রকাশ্যে রাকিবুল ইসলামকে মারধর করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা এ হামলায় অংশ নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।


স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


আহত রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাকে কোনো কারণ ছাড়াই মারধর করেছে তারা। শনিবার লটাখোলা এলাকায় একটি টুর্নামেন্টের খেলা নিয়ে বানাঘাটা পক্ষের সঙ্গে ঝামেলা হয়। তাদের ধারণা, ওই ঘটনায় আমি জড়িত ছিলাম;  কিন্তু আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।


এদিকে ঘটনার খবর পেয়ে আহত ব্যবসায়ীকে দেখতে হাসপাতালে ছুটে যান ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি চিকিৎসকদের আহত ব্যক্তির যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।


এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দীক বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বাধিক পঠিত