রাঙামাটি সংবাদদাতা : রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকা সাজেকে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কর্মী বলে জানা গেছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে সাজেক ভ্যালির অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনো ছড়া ১০ নম্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই এলাকায় অবস্থান করছিলেন হেগেরা চাকমা। এসময় হঠাৎ চারদিক থেকে সশস্ত্র একটি গ্রুপ তাকে ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই হামলাকারীরা এলাকা ত্যাগ করে।
ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। রাঙামাটির সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রশাসনের ধারণা, গত ৭ মে পানছিড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক ফ্রন্টের সদস্য ইমনকে গুলি করে হত্যার ঘটনার ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
