মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকাল ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
নিহতরা হলেন, উপজেলার তিল্লী গ্রামের আলম (১৬), সোনা মিয়া (২২) ও কালু মিয়া (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন।
সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী কালু মিয়া ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে কালু মিয়া এবং বিকাল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
