সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক।
জানা যায়, মো. সোহরাব হোসেন “বাংলাদেশ মেইল ২৪” অনলাইন নিউজ পোর্টালের সিংগাইর উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা ও সিংগাইর প্রেসক্লাবের সভাপতি।
অপর সাংবাদিক মো. রকিবুল হাসান বিশ্বাস প্রতিদিনের সংবাদ ও দৈনিক ইনকিলাবের সিংগাইর উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৭ মে) “সিংগাইরে ভিটেবাড়ি উচ্ছেদে দোকানঘরে মা-মেয়ের মানবেতর জীবন!” শিরোনামে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে সাংবাদিক সোহরাব হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি “Sohrab Press” থেকে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মৃত জব্বারের ছেলে মিলন খান (৩৯) তার “Milon Khan” নামের ফেসবুক আইডি থেকে পোস্টটির কমেন্টে লেখেন—
“সাংবাদিক সোহরাব ও রাকিব যে রিপোর্ট আমার নামে করছেন, তার উপযুক্ত প্রমাণ দিতে না পারলে আমি আইনের আশ্রয় নেব। আপনারা যে আমার কাছে চাঁদা চেয়েছিলেন, তার প্রমাণ রেকর্ডসহ আমার কাছে আছে।”
সংবাদকর্মীদের দাবি, প্রকাশিত সংবাদের পক্ষে তাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে এবং দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে প্রকাশিত হয়েছে।
জিডিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় তাদের শারীরিক কিংবা অন্য কোনো ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন সংবাদকর্মীরা।
অভিযুক্ত মিলন খান দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবাধ ও নিরাপদ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
