স্টাফ রিপোর্টার : বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন আছে। বগুড়া নিয়ে সিটি করপোরেশনের সংখ্যা হবে ১৩টি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।
