স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঈদের আগেই ফিরতে পারেন তিনি।
বিএনপির মিডিয়া সেল থেকে বুধবার (৬ মে) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।
সেই সংবাদের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মির্জা আব্বাসের ছবি দিয়ে ছবির ক্যাপশনে পাটওয়ারী লিখেছেন, ‘‘ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।’’
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
পরবর্তী সময়ে গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।
