স্টাফ রিপোর্টার : সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ সংসদ সদস্যের মধ্যে (নির্ভরশীলসহ) শীর্ষ উপার্জনকারী ১০ জনই বিএনপির। এর মধ্যে কোটি টাকার অধিক আয়কারী হলেন ৪ জন। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক- (সুজন) আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন-শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এর প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।
এই শীর্ষ উপার্জনকারী ১০ জন হলেন- শামীম আরা বেগম স্বপ্না, জহরত আদিব চৌধুরী, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, আন্না মিনজ, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম, নিপুণ রায় চৌধুরী, বিথীকা বিনতে হোসাইন, সেলিমা রহমান।
দিলিপ কুমার সরকার জানান, বাৎসরিক ৫ লাখ টাকা বা তার চেয়ে কম আয় করেন মাত্র ১৩ জন (২৬%)। ৫ লাখ টাকা বা তার চেয়ে কম আয়কারীর মধ্যে ১১ জনই ১১ দলীয় জোট থেকে নির্বাচিত।
এছাড়া নির্বাচিত সদস্যদের মধ্যে বছরে ৫ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা আয় করেন ১৯ জন (৩৮%), ২৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা আয় করেন ৫ জন (১০%), ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা আয় করেন ২ জন (৪%)।
বাৎসরিক কোটি টাকার অধিক আয়কারীদের তথ্য জানিয়ে দিলিপ কুমার সরকার বলেন, বিএনপির নবনির্বাচিত এমপি শামীম আরা বেগম স্বপ্না (৪ কোটি ২৬ লাখ ১০ হাজার ৫০৬ টাকা), জহরত আদিব চৌধুরী (৩ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৩৯৩ টাকা), সাকিলা ফারজানা (৩ কোটি ৭১ হাজার ১২৩ টাকা) এবং আন্না মিনজ (১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ২৪৬ টাকা)।
তিনি জানান, আয়ের ঘর পূরণ করেননি ৭ সদস্য।
দিলিপ কুমার বলেন, সুজনের বিশ্লেষণে দেখা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদে স্বল্প আয়কারীর হার যেমন বৃদ্ধি পেয়েছে, অধিক আয়কারীর হারও তেমনই বৃদ্ধি পেয়েছে।
