ফুলকি ডেস্ক : নিউজিল্যান্ডের মূল দলের ক্রিকেটাররা আইপিএল এবং পিএসএলে ব্যস্ত থাকায় বাংলাদেশ সফরের দলে সুযোগ পেয়েছিলেন ডিন ফক্সক্রফট। সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই অলরাউন্ডার। তাতেই প্রথমবারের মতো টেস্টের দরজা খুলে গেল তাঁর।
আয়ারল্যান্ড (এক টেস্ট) এবং ইংল্যান্ড (তিন টেস্ট) সফরে নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন ফক্সক্রফট। ব্ল্যাক ক্যাপদের হয়ে ৪ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার এবার লাল বলে অভিষেকের অপেক্ষায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি নেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ১৫ রানে আউট হলেও সিরিজের শেষ ওয়ানডেতে ফের ফিফটির দেখা পান; করেন ৭৫ রান। এ ছাড়া তুলে নেন মেহেদী হাসান মিরাজের উইকেট।
প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে আউট হন ফক্সক্রফট। সিরিজে সমতা ফেরানো দ্বিতীয় ম্যাচে ১৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া ফক্সক্রফট ৪২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ২ সেঞ্চুরি, ১৫ ফিফটিতে করেছেন ২৩০১ রান। এ ছাড়া নিয়েছেন ৬৩ উইকেট।
বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট শুরু হবে আগামী ২৭ মে। ৪ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারীরা।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ক্রিস্টিয়ান ক্লার্ক (আয়ারল্যান্ড টেস্ট), ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে (আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রবিন্দ্র, বেন সিয়ার্স (আয়ারল্যান্ড টেস্ট ও ইংল্যান্ড সফরে রিজার্ভ), নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং (আয়ারল্যান্ড টেস্ট)।
