মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ গ্রাম পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সুমনুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার।
অভিযানে আটকরা হলেন, মানিকগঞ্জের জয়মন্টপ পালপাড়া গ্রামের মৃত মুখমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও মৃত আব্দুল মালেক ছেলে মোহাম্মদ দেলোয়ার (৪০)। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার নূরপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি সিংগাইরের জয়মন্টপ পালপাড়া এলাকায় বসবাস করছিলেন।
জানা গেছে , সন্দেহভাজনদের সেমিপাকা বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ওয়ারড্রোবের নিচের ড্রয়ারে কাপড়ের ভাঁজের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সুমনুর রহমান নিশ্চিত করেছেন।
