বুধবার, ৬ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রবাসে সংগঠন বিস্তারে এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেল
daily-fulki

প্রবাসে সংগঠন বিস্তারে এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেল


স্টাফ রিপোর্টার : বিদেশে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও প্রবাসীদের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সেল গঠন করা হয়েছে।

সোমবার (৫ মে) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় দেশীয় ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈশ্বিক ডায়াস্পোরা কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন দেশে এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই হবে নবগঠিত এ সেলের মূল দায়িত্ব।


গ্লোবাল ডায়াস্পোরা সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। সদস্য হিসেবে রয়েছেন এহতেশাম হক, আকরাম হোসেন সিএফ, রাফে সালমান রিফাত এবং সাদিয়া ফারজানা দীনা।

এ বিষয়ে এনসিপি ডায়াস্পোরা গ্লোবাল কমিটির সিনিয়র সদস্য এহতেশাম হক বলেন, ‘নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় কিছু মতপার্থক্য তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে নবগঠিত এ সেলের অন্যতম লক্ষ্য হবে গঠনমূলক সংলাপ, স্বচ্ছতা এবং সুসংহত সাংগঠনিক কাঠামোর মাধ্যমে এসব বিষয়ে কার্যকর সমাধান নিশ্চিত করা।


তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে থাকা ডায়াস্পোরা কমিটিগুলোর জন্য একটি সমন্বিত নীতিমালা ও কার্যপদ্ধতি প্রণয়ন করা হবে যাতে সব কমিটি একই দিকনির্দেশনার আওতায় কার্যকরভাবে কাজ করতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে পরামর্শভিত্তিক প্রক্রিয়ায় ভবিষ্যৎ কমিটিগুলো গঠন করা হবে।’

এদিকে এনসিপি ডায়াস্পোরা এলায়ান্স ফ্রান্সের আহ্বায়ক চৌধুরী ইফতেশাম বলেন, ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল গঠনের মাধ্যমে বহির্বিশ্বে এনসিপির কার্যক্রম আরো গতিশীল হবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সমন্বয় বাড়বে।


যা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনকে আরো শক্তিশালী করবে।

 

সর্বাধিক পঠিত