সোমবার, ৪ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ধারাবাহিক ঝটিকা মিছিল, বাড়ছে জনমনে আতঙ্ক
daily-fulki

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ধারাবাহিক ঝটিকা মিছিল, বাড়ছে জনমনে আতঙ্ক


স্টাফ রিপোর্টার :  সাভার ও আশুলিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। গত কয়েকদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্প এলাকায় ধারাবাহিকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ শনিবার (২ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এতে সাদা মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জন যুবক হঠাৎ করে সড়কে নেমে মিছিল শুরু করে এবং কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করে। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে।
এরআগে ৩০ এপ্রিল বৃহস্পতিবার একই মহাসড়কের বলিয়ারপুর এলাকায় প্রায় একই কায়দায় ঝটিকা মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। 


এছাড়া ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে আশুলিয়া বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে আশুলিয়া থানা ছাত্রলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। একই দিনে কাছাকাছি এলাকায় যুবলীগের ব্যানারেও একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


এরআগে ২৭ এপ্রিল সোমবার রাতে সাভার পৌর ছাত্রলীগের ব্যানারে হারিকেন নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি মিছিল বের করা হয়, যা রাতের বেলায় সাধারণ মানুষের মধ্যে আরও বেশি ভীতি সৃষ্টি করে। 


এর ধারাবাহিকতায় ২৪ এপ্রিল শুক্রবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে একই এলাকায় ঝটিকা মিছিল করে নেতাকর্মীরা।


স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে এ ধরনের ঝটিকা মিছিলের কারণে এলাকায় এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ব্যস্ত মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা যেকোনো সময় দুর্ঘটনা বা সহিংস ঘটনার আশঙ্কা করছেন। ব্যবসায়ীরাও দোকানপাটের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।


সচেতন মহলের মতে, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কীভাবে প্রকাশ্যে একের পর এক কর্মসূচি পালন করছে, তা গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে এবং কীভাবে তারা সংগঠিত হচ্ছে, তা খুঁজে বের করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।


তাদের দাবি, সাভার-আশুলিয়ার মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় এ ধরনের অনিয়ন্ত্রিত কার্যক্রম চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
 

সর্বাধিক পঠিত