সোমবার, ৪ মে ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা, দায়িত্ব থেকে প্রত্যাহার
daily-fulki

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা, দায়িত্ব থেকে প্রত্যাহার


স্টাফ রিপোর্টার : সাভারের  সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করেছে সরকার। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে মহা-পরিদর্শক, নিবন্ধনের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


রবিবার (৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী ‘দুর্নীতি পরায়ণ’ আচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ রুজু করা হয়েছে।


এ অবস্থায় মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে মহা-পরিদর্শক, নিবন্ধন দপ্তরে সংযুক্ত রাখা হবে। একই সঙ্গে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, রবিবার অপরাহ্নে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করতে।


আদেশে আরও উল্লেখ করা হয়, বিষয়টি অবগতির জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।


এদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে সাভার এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অসদাচরণের নানা অভিযোগ উঠে আসছিল। বিভিন্ন গণমাধ্যমেও তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়।


এছাড়া অভিযোগ রয়েছে, সম্প্রতি এক সাংবাদিককে দলবল নিয়ে হামলা চালিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয়, যা স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ঘটনার প্রতিবাদে সাভারে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচিও পালন করেন।


সচেতন মহলের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকারি সেবাখাতে জবাবদিহিতা ও আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন বলে মনে করছেন তারা।

 

সর্বাধিক পঠিত